কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুর বাড়িতে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে সাবেক মেয়রের বাসায় দলীয় নেতাকর্মীদের বৈঠক চলছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে, পরিবারের সদস্যদের বাধার মুখে একপর্যায়ে বিজু সেখান থেকে পালিয়ে যান।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়ায় এ ঘটনা ঘটে।
বিজুর ছোট ভাই মুস্তাক আহমেদ লাভলু বলেন, ঘটনার সময় বিজু বাড়িতে ছিলেন। অফিসে কোনো দলীয় কার্যক্রম বা নেতাকর্মীর উপস্থিতি ছিল না। পুলিশের একটি দল এসে কথোপকথনের একপর্যায়ে তাকে নিয়ে যেতে চায়।
তিনি বলেন, “পুলিশকে ওয়ারেন্টের বিষয়ে জানতে চাইলে তারা কোনো উত্তর না দিয়ে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পরিবারের সদস্যরা ‘আতঙ্কিত’ হয়ে বাধা দেন। একপর্যায়ে বিজু ভাই সেখান থেকে চলে যান। যাওয়ার সময় দায়িত্বরত এক এসআই তার ব্যবহৃত আইফোনটি নিয়ে যান। বর্তমানে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।”
তবে, এ অভিযোগ অস্বীকার করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন। তিনি বলেন, মোস্তাফিজুর রহমান বিজুর বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে কার্যক্রম চালাচ্ছেন- এমন খবরে পুলিশের একটি দল সেখানে যায় তাদের নিষেধ করতে।
তিনি জানান, পুলিশকে দেখেই তারা উত্তেজিত হয়ে কথাবার্তা বলতে থাকেন। এ নিয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোস্তাফিজুর রহমান বিজু সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। তখন তার পকেট থেকে ব্যবহৃত আইফোনটি পড়ে যায়। ফোনটি তার (ওসি) কাছে রয়েছে।