ঘূর্ণিঝড় সতর্কবার্তার মধ্যে
সাতক্ষীরা প্রতিনিধি
ঘূর্ণিঝড়ের সতর্কবার্তার মধ্যেই সাতক্ষীরার আশাশুনি উপজেলার বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আকস্মিক ঝড়ো হাওয়া ও নদীর উত্তাল ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধের প্রায় সাড়ে ৩০০ ফুট অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এখন বাঁধের প্রস্থ কোথাও কোথাও মাত্র এক-দেড় ফুট অবশিষ্ট থাকায় বিস্তীর্ণ এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ ঝড়ো হাওয়া ও নদীর প্রবল ঢেউয়ের আঘাতে বন্যতলায় বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশ ভাঙতে শুরু করে।
পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় স্থানীয়ভাবে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয়।
খবর পেয়ে হাজার হাজার মানুষ সেখানে ছুটে আসেন। বসতভিটা ও জনপদ রক্ষায় বালির বস্তা ও জিও ব্যাগ দিয়ে জরুরি ভিত্তিতে ডাম্পিংয়ের কাজ শুরু করা হয়। রাতভর চলে বাঁধ রক্ষার প্রাণপণ চেষ্টা। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে বাঁধ ভেঙে প্রতাপনগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বাঁধ সংস্কারের জন্য হাজার হাজার জিও ব্যাগ প্রস্তুত রাখা হলেও সেগুলো সময়মতো ঝুঁকিপূর্ণ অংশে ব্যবহার করা হয়নি। আগেভাগে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি এতটা নাজুক হতো না।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু বলেন, 'ভাঙনের খবর পেয়েছি, পরিস্থিতি বেশ উদ্বেগজনক। তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক এবং শ্যামনগরের ইউএনওকে বিষয়টি জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে জিও ব্যাগ দিয়ে ডাম্পিংয়ের কাজ করেছেন।'