লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় বাল্যবিয়ে, যৌতুক, ইভ টিজিং ও মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে শহরের ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় চত্বরে এ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক। তিনি তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ে ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হতে হবে। বিশেষ করে মাদক প্রতিরোধে প্রতিটি পরিবার থেকেই উদ্যোগ নিতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু ও সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন।
বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ সচেতনতা সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।