শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে নৌবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন উপকূলের জেলে-বাওয়ালীরা।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১২টায় শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে শত শত নৌকা নিয়ে এ নৌবন্ধনে অংশ নেন জেলে-বাওয়ালীরা। কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে স্থানীয় রাজনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।
বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খায়রুল ইসলাম মিলন, গাবুরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য জি এম আবিয়ার রহমান, ফরিদা পারভীন, মাস্টার আবদুর রহিম, খালিদ হোসেন ও পারুল আক্তার এবং জেলে বাবলুর রহমান, সবুর আলী, উমর ফারুক ও সাইফুল ইসলাম।
জেলে বাবলুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি, কিন্তু এখনো কোনো ফল পাইনি। প্রশাসন নির্বিকার। প্রতিদিন কোনো না কোনো এলাকা থেকে মুক্তিপণের দাবিতে জেলেদের তুলে নিয়ে যাচ্ছে বনদস্যুরা। আমরা আন্দোলনে নামায় ভয় আরও বেড়েছে।’
জেলে সবুর আলী বলেন, ‘সুন্দরবনে নামতে না পেরে দিনের পর দিন না খেয়ে আছি। সুন্দরবনে ঢুকলেই আমাদের তুলে নিয়ে যাবে, এই ভয়ে পরিবার নিয়ে খুবই দুর্দিনে আছি। প্রশাসনকে বারবার জানানোর পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি।’
উমর ফারুক বলেন, ‘সরকার বনদস্যু নির্মূল করুক, না পারলে আমাদের অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। তা না হলে আমরা খাবো কী? দিনের পর দিন পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে। আমাদের আন্দোলনের ছবি তাদের কাছে পৌঁছে গেছে। ছবি দেখে দেখে আমাদের হুমকি দিচ্ছে। আমরা এখন কী করবো, কিছুই বুঝতে পারছি না।’
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির বলেন, ‘সুন্দরবনের বনদস্যু নির্মূলে বন ও পরিবেশমন্ত্রীর সঙ্গে দেখা করে জেলেদের এই দুঃখ-দুর্দশার কথা তুলে ধরবো।’
বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক সালাউদ্দিন লিটন বলেন, ‘আজ নবম দিন আমরা আন্দোলন করছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। দ্রুততম সময়ে প্রশাসন অভিযানে না নামলে এর চেয়ে কঠিন আন্দোলন গড়ে তুলবো।’

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, ‘জেলে-বাওয়ালীদের আন্দোলনের সঙ্গে আমরা একমত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাতে আমরা সব সময় প্রস্তুত। কয়েকটি বাহিনী বনদস্যু নির্মূলে কাজ করে যাচ্ছে। আমরাও তাদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনায় সর্বদা প্রস্তুত আছি।’
প্রসঙ্গত, রোববারও সুন্দরবনে মাছ ধরতে যাওয়া দশ জেলেকে অপহরণ করে মুক্তিপণ চেয়েছে বনদস্যুরা।