স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের উপশহর এলাকায় মাদকবিরোধী অভিযানে সাতজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগ রয়েছে।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়।
শনিবার (২৫ জুলাই) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান। অভিযানে নেতৃত্ব দেন উপশহর ক্যাম্পের ইনচার্জ অলোক কুমার দে।
এর আগে গত সপ্তাহেও প্রায় এক ডজন মাদক কারবারিকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া, উপশহর বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার সকালে যশোর সদর উপজেলার উপশহর এক নম্বর সেক্টরের তরিকুল ইসলামের ছেলে তাসিন ইসলামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা, উপশহর শিক্ষাবোর্ড এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে রমজান শেখকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, বাহাদুরপুর মেহগনিতলার রাসেল কবিরের ছেলে রাকিবুল হাসান রাব্বিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, বাহাদুরপুর মধ্যপাড়ার আলিমের ছেলে ইয়াসিন হোসেন সুজনকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা, বিরামপুর গুলশান মোড়ের অসীম অধিকারীর ছেলে অলিফ অধিকারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা, বিরামপুর গুলশান মোড়ের সাইদুল শেখের ছেলে রোকন হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা এবং বিরামপুর ফকিরার মোড়ের মৃত মতিয়ার রহমানের ছেলে রাহুল হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপশহর ফাঁড়ির ইনচার্জ অলোক কুমার দে বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।