যশোর, বাংলাদেশ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাবাকে হারানোর এক মাস না পেরোতেই নির্মম পরিণতি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৭:৩৭ পিএম
আপডেট : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৮:৩৮ পিএম
বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত গভীর রাতে সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ হত্যাকাণ্ডে আইনজীবী মহলসহ সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ এলাকার বাসিন্দা এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মোটরসাইকেলে বাগেরহাট শহর থেকে বাড়ি ফিরছিলেন নিজাম উদ্দিন শান্ত।

পথে সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে তারা শান্তকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

একের পর এক পারিবারিক শোক
নিহতের স্বজন ও সহকর্মীরা জানান, নিজাম উদ্দিন শান্তের জীবন ছিল একের পর এক পারিবারিক শোকে বিষাদময়। মাত্র এক মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যান তার বাবা তোরাফ আলী।

এর আগে তিনি হারিয়েছেন মা ও প্রথম স্ত্রীকে। ধারাবাহিক এসব শোক কাটিয়ে নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি।

বর্তমানে তার দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যাসন্তান রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে আইন পেশার মাধ্যমে সংসারের দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

নিজাম উদ্দিন শান্তের মৃত্যুতে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সহকর্মীরা তাকে ভদ্র, বিনয়ী ও দায়িত্বশীল আইনজীবী হিসেবে উল্লেখ করে দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, ‘শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা আইনজীবী নিজাম উদ্দিন শান্তকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

হত্যাকাণ্ড ঘিরে নানা প্রশ্ন
গভীর রাতে একজন আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি অন্য কোনো কারণে সংঘটিত হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্বজন, সহকর্মী ও স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে এবং প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসবে।

বাগেরহাটের আইন অঙ্গনের পরিচিত মুখ নিজাম উদ্দিন শান্তের অকাল মৃত্যু তার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)