অভয়নগর (যশোর) প্রতিনিধি
সিঁড়িঘরে ধানের বস্তার মধ্যে লুকিয়ে রাখা একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে মিজান গাজীর বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
মিজান গাজী ওই গ্রামের মজিদ গাজীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল চারটার দিকে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামানের নেতৃত্বে শুভরাড়া গ্রামে মিজান গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। একপর্যায়ে একতলা বাড়ির সিঁড়িঘরে ধানের বস্তার মধ্যে লুকিয়ে রাখা একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিজান গাজী পালিয়ে যান।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, মিজান গাজী নামে এক ব্যক্তির বাড়ির সিঁড়িঘর থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।