সুবর্ণভূমি ডেস্ক
স্বৈরাচার আওয়ামী লীগের এমপি ও বিতর্কিত ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সাকিবসহ অভিযুক্ত ১৫ জনের নামে দ্রুতই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থাটির উপ-পরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার তদন্ত শেষ হয়েছে। সাকিব আল হাসানসহ ১৫ জনের নামে দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে।
এর আগে, ২০২৫ সালের ১৭ জুন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম।
সূত্র জানিয়েছে, পতিত স্বৈরশাসক শেখ হাসিনার দোসর হিসেবে চিহ্নিত ও বিতর্কিত সংসদ সদস্য সাকিব আল হাসান বিভিন্ন অপকর্মের সঙ্গেও জড়িত। অতীতে তার বিরুদ্ধে ক্রিকেট নিয়ে কেলেঙ্কারির দায়ে আইসিসির নিষেধাজ্ঞা ছিলো। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় আদাবর থানায় একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। শেখ হাসিনার পতন ও পলায়নের পর তিনিও পালিয়ে যেতে সক্ষম হন।
আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নানান অপকর্মের সঙ্গে জড়িত থাকারও বিষয়ে দুদকে তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগের তদন্ত চলছে। তার বিরুদ্ধে অবৈধ জুয়া ব্যবসা, গোল্ড স্মাগলিং, ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ ও নির্বাচন কমিশনে সম্পদের তথ্য গোপনের অভিযোগের অনুসন্ধানও চলছে। আর্থিক অনিয়ম ও বাজার কারসাজির অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ব্যাংক হিসাব জব্দ করেছে। জুয়াড়ির প্রস্তাব গোপন করার কারণে ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছিল। অতীতে মেজাজ হারিয়ে স্ট্যাম্প ভাঙা, আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো এবং দর্শকদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।