স্টাফ রিপোর্টার
, যশোর
ভাগনের শিশু সন্তানকে ধর্ষণের অভিযোগে মামা আব্দুল জলিল খান (৬০) নামে এক প্রৌঢ়কে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা।
ঘটনাটি ঘটেছে গত ৫ আগস্ট যশোর সদরের রূপদিয়ায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
শিশুটির বাবার অভিযোগ তার মেয়ে (৯) ও আসামি জলিল খানের পুতনি একই স্কুলে লেখাপড়া করে। বাদীর মেয়ে গত ২ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে জলিল খানের বাড়িতে গিয়ে তার পুতনির খোঁজ করে। সে সময় জলিল খান জানান, তার পুতনি ঘরের মধ্যে আছে। বাদীর মেয়ে ঘরের মধ্যে গেলে জলিল দরজা বন্ধ করে তার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। কাউকে জানালে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
ভয় পেয়ে তার মেয়ে ওই অবস্থায় কাউকে কিছু না জানিয়ে স্কুলে চলে যায়। স্কুল থেকে বাড়ি ফিরে সে অসুস্থ হয়ে পড়ে। প্রস্রাব করতে গিয়ে কান্নাকাটি করে। পরে তার মাকে বিষয়টি জানায়। রক্ত বের হলে তার মেয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে এবং তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন আব্দুল জলিলকে আটক করে পিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে।
এই বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্য কবির হোসেন জানিয়েছেন, আব্দুল জলিলকে হেফাজতে নিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।