কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে। সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ভিডিওতে একজনকে (পুরুষ) বলতে শোনা যায়, ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে- বাংলাদেশ হাসবে’, ‘আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা- জয় বঙ্গবন্ধ ‘, ‘হানিফ সাহেবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘কামারুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ষড়যন্ত্র করে জঙ্গিবাদীরা আমার নেত্রীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশ থেকে যেতে বাধ্য করেছে। আমরা এই জুলাই মানি না, কখনও মানবো না। শেখ হাসিনার বাংলাদেশ, আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসবো।’
এবিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন বলেন, ‘এটি একটি পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা যে ঘটবে তা আগে থেকেই জানতে পেরেছি। বিষয়টি আগেই তারা পুলিশকেও জানিয়েছিলেন বলে দাবি করেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।’
এঘটনায় যারাই জড়িত থাক তাদের গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন ওসি।