স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের রামনগর ধোপাপাড়া এলাকায় টিনের চালা কেটে সোনার গহনা, নগদ টাকা, রুপার নূপুর, পোশাক, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় মিজান ওরফে ‘চোর মিজান’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ মামলায় এর আগে তার সহযোগী সুজনকে আটক করা হয়।
মিজান যশোর সদর উপজেলার রামনগর ধোপাপাড়া গ্রামের মুসার ছেলে। রোববার (১৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুড়লি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই দুপুর থেকে ২২ জুলাই বিকেলের মধ্যে কোনো এক সময় বাড়ির মালিক রোকসানা খাতুনের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা টিন কেটে তার ঘরে প্রবেশ করে।
চোরেরা সোনার কানের দুল, নগদ ৫০ হাজার টাকা, রুপার নূপুর, শাড়ি, পোশাক, রান্নার সামগ্রী ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে।
এ ঘটনায় রোকসানার বোনের ছেলে লেলিন বাদী হয়ে মিজান ও সুজনের বিরুদ্ধে মামলা করেন। গত ১ আগস্ট রাতে চুরি হওয়া স্টিলের সামগ্রী রাজারহাট বাজারে বিক্রির সময় সুজনকে হাতেনাতে আটক করা হয়। তখন মিজান পালিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাহমিদ হাসান বলেন, সুজন ও মিজান দুজনই ‘পেশাদার চোর’। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।