মাগুরা প্রতিনিধ
মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর আজ হাইকোর্টে রায় ঘোষণার কথা রয়েছে। এ রায়ের অপেক্ষায় রয়েছেন নিহত আছিয়ার পরিবার।
মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের বাড়িতে নিহত শিশু আছিয়ার মা আয়েশা আক্তার হাইকোর্টে নিম্ন আদালতের দেওয়া হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল থাকবে, এমন প্রত্যাশায় অপেক্ষা করছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৬ মার্চ রাতে মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখের ধর্ষণের শিকার হয়ে গুরুতর আহত হয় আট বছর বয়সী শিশু আছিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ ও আন্দোলন শুরু হয়।
নিহত আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। আলোচিত এ মামলায় বিচারিক আদালত মাত্র ১৩ কার্যদিবসে বিচারকাজ শেষে ১৭ মে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন।
পরে ওই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ হাইকোর্টে আপিল করে। আপিলের শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। এ রায়ের অপেক্ষায় রয়েছেন আছিয়ার স্বজনরা।