মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আনিছুর রহমান।
ছবি:
ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার স্বরূপপুর ইউনিয়নের করিঞ্চা খামার এলাকায় একটি পেঁয়াজক্ষেতের পাশে কুঁড়েঘরে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই স্বপন কর্মকার (৪২) বাদী হয়ে বুধবার মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (২০০০, সংশোধনী-২০০৩) মামলা করেন। মামলা হওয়ার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মৃত সোনাই মণ্ডলের ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান ঘটনার সত্যতা ও আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।