যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে প্রতিযোগিতা উদ্বোধন করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. অভিনু কিবরিয়া ইসলাম বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। জয়-পরাজয় বড় কথা নয়, খেলার মাঠ থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো ক্রীড়াসুলভ মানসিকতা ও শৃঙ্খলাবোধ অর্জন করা। খেলার মাঠে শতভাগ প্রতিযোগিতা থাকবে, কিন্তু খেলা শেষে আমরা সবাই একে অপরের প্রতি সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখবো।’
তিনি আরও বলেন, কিছু প্রতিকূলতা ও পর্যাপ্ত সুবিধার ঘাটতি সত্ত্বেও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণই এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীবান্ধব ক্রীড়াচর্চাকে উৎসাহিত করে আসছে। ভবিষ্যতে সারা বছরজুড়ে এমন ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন, আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার খেলা পরিচালনা উপকমিটির আহ্বায়ক ড. মো. মজনুজ্জামান, আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার খেলা পরিচালনা উপকমিটির আহ্বায়ক ড. শৈবাল চন্দ এবং শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ-হেল-কাফি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকার, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জলচন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. জাহাঙ্গীর আলম, মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠান পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।