ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার মহিষকুণ্ডু মাঠপাড়া এলাকা থেকে একটি ওয়ান শুটারগানসহ মো. আবু সাইদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তিনি একাধিক অস্ত্র ও ডাকাতি মামলার আসামি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে ওই এলাকার একটি ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু সাইদ হরিণাকুণ্ডু উপজেলার পারদখলপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর উপজেলার মহিষকুণ্ডু মাঠপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মহিষকুণ্ডু মাঠপাড়া এলাকার একটি ভাড়াবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আবু সাইদকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করে জব্দ করা হয়।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, আবু সাইদকে আটকের পর তার হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বুধবার তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রটি কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না এবং তার বিরুদ্ধে থাকা আগের মামলাগুলোর বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।