স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী রাসেল রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যশোর ও বগুড়ার সদস্যরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে বগুড়া সদর উপজেলার ভাদুনা মোড় থেকে তাকে আটক করা হয়। আটক রাসেল রানা বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার গোছন গ্রামের শরিফুল আখন্দের ছেলে। মঙ্গলবার বিকেলে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে গত ২০ সেপ্টেম্বর শহরের বকচর হুশতলা এলাকার বাসিন্দা ও রাসেলের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রাসেল রানা বাদীর স্বামী। দাম্পত্য কলহের জেরে এর আগেও তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে রাসেল স্ত্রীকে তার সাথে যাওয়ার জন্য চাপ দেন। যা নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সম্পর্কের চরম অবনতি হলে তাদের দাম্পত্য জীবনের ভিডিও কলের ব্যক্তিগত ও গোপনীয় মুহূর্তের স্ক্রিন রেকর্ড করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। গত ১৬ সেপ্টেম্বর রাতে বাদীর ইমো অ্যাকাউন্টে একটি আইডি থেকে তাদের ব্যক্তিগত ও নগ্ন ভিডিও পাঠানো হয়। এছাড়া বাদীর টিকটক আইডির বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে আপত্তিকর ভিডিওর স্ক্রিনশট প্রকাশ করা হয়। উপায় না পেয়ে তিনি থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলেই রাসেল রানাকে যশোর আদালতে সোপর্দ করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।