স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের খড়কী হাজামপাড়ায় বিএনপি কার্যালয়ের পাশে বোমাবাজির মামলার এজাহারভুক্ত আসামি লাদেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ অক্টোবর (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খড়কী হাজামপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক লাদেন ওই এলাকার চান্দালী ওরফে চাঁদ আলীর ছেলে।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৪ অক্টোবর রাতে খড়কী হাজাম পাড়ায় বিএনপি অফিসের পাশে বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ৫ অক্টোবর খড়কী দক্ষিণ পাড়ার ওহিদুল ইসলাম সোহেল বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন—সানি, সাকিব ও তৌফিক।
মামলা দায়েরের পর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি লাদেনকে গ্রেপ্তার করে। ৭ অক্টোবর (বুধবার) পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।