ঝিনাইদহ প্রতিনিধি
সাবেক পুলিশ সদস্য মো. আব্দুল খালেক (৬২) ও মো. মোজাহার মোল্লা (৫০) নামে তাঁতিদলের স্থানীয় এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঝিনাইদহ সদরের মধুপুর চৌরাস্তা বাজার থেকে নিজ গ্রাম হাজরাতলায় ফেরার পথে তাদের ওপর হামলা চালানো হয়।
আব্দুল খালেক হাজরাতলা গ্রামের ইছাহাক বিশ্বাসের ছেলে এবং সাবেক পুলিশ সদস্য। অপরজন মোজাহার মোল্লা একই এলাকার ইশারত মোল্লার ছেলে এবং এক নম্বর ওয়ার্ড উত্তর কাষ্টসাগরা তাঁতিদলের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাজার শেষে আব্দুল খালেক ও মোজাহার মোল্লা বাড়ি ফিরছিলেন। ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। এ সময় তাদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বাজার করে বাড়ি ফেরার পথে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতলে রয়েছেন। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।