পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদকে ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গত ২৬ অক্টোবর বিকেলে আসলাম শিকদার নামে এক ব্যক্তি এই হুমকি দেন বলে ওই কর্মকর্তা পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ঘটনায় তার নিরাপত্তা চেয়েছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন বিকেল ৩টার পর +৮৮০১৯৫০-৯৯৯১৭৮ নম্বর থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদকে ফোন করা হয়।
অপর প্রান্ত থেকে নিজেকে আসলাম শিকদার পরিচয় দিয়ে ওই ব্যক্তি ডা. আহসানারাকে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে দাবি করেন, নেতাকর্মীরা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে দেখা করবেন এবং প্রয়োজনীয় অর্থ দিতে হবে।
সরকারি কর্মকর্তা হিসেবে এ ধরনের অর্থ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানালে ফোনদাতা ঔদ্ধত্যপূর্ণ ভাষায় বলেন, ‘হয় অর্থ, নয় রক্ত—এই দুটির যেকোনো একটি দিতে হবে।’
পরে স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি পুলিশকে জানানোর কথা বললে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, ‘কর্মক্ষেত্রে এ ধরনের প্রাণনাশের হুমকি অত্যন্ত উদ্বেগজনক ও ভীতিকর। নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনি সহায়তা পাওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
এদিকে, সরকারি দায়িত্ব পালনকালে একজন চিকিৎসকের প্রতি এমন হুমকির ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চিকিৎসকেরা।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষী ব্যক্তিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।