কুষ্টিয়া প্রতিনিধি
জেলার দৌলতপুরের দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান গোলাপজল রেখে সাথে কাগজে লেখা চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। কাগজের ওই চিরকুটে ১০-১২ দিনের মধ্যে ভালো মন্দ খেয়ে নেওয়ার কথা লেখা।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং একই এলাকার জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তারের (৪২) বাড়িতে পৃথকভাবে এসব সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটিতে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান।
বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’
অন্যদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’
ভুক্তভোগী মনি ডাক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখি। কে বা কারা এসব রেখে গেছে, তা জানি না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না।
এ ঘটনায় দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মনি ডাক্তার।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। কে বা কারা এসব রেখে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।