রূপক মুখার্জি
, লোহাগড়া (নড়াইল)
নড়াইলের সবচেয়ে অপরাধপ্রবণ উপজেলা হলো লোহাগড়া। এখানে রাজনৈতিক বিরোধ দ্বন্দ্ব তেমন একটা সংঘাত-সহিংসতায় রূপ না নিলেও সামাজিক অথবা গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে হত্যা, হামলা, মামলা, বাড়ি ভাঙচুর, লুটপাট নিয়মিত ঘটনা।
কিছুতেই বন্ধ হয় না সামাজিক বা গোষ্ঠীগত কোন্দল। এছাড়াও রয়েছে মাদক বেচাকেনাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড। তুচ্ছ বা মামুলি ঘটনাকে কেন্দ্র করে এ জনপদে অহরহ মানুষ খুন হন।
গেল ছয় দিনে লোহাগড়ায় তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনার জেরে এই তিন ব্যক্তি খুন হন। এর মধ্যে দুটি হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হলেও প্রধান অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছেন।
নিহত তিনজন হলেন, উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের কৃষক হাসানুর শেখ (৫৫), বৃদ্ধ আফসার শেখ (৬০) ও অটো ভ্যানচালক আজিবার শেখ (৪৭)।
গত ৪ নভেম্বর সকালে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের পূর্বপাড়ায় সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে কৃষক হাসানুর শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে তার চাচাতো ভাইয়ের পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন ভোরবেলা বাড়ির পাশে লাগানো সুপারি গাছে পানি দিতে গেলে গাছের ছায়া জমিতে পড়বে—এমন আপত্তি জানান চাচাতো ভাই হাসদেল শেখ। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাসদেলের ছেলে মামুন শেখ, আরমান শেখ ও মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র দিয়ে হাসানুরকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
পরদিন ৫ নভেম্বর দুপুরে একই ইউনিয়নের বয়রা গ্রামের দক্ষিণপাড়ায় আফসার শেখ (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। তার ছেলে খায়রুল শেখ (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ ওঠে।
বাবার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে খায়রুল বঁটি দিয়ে আফসার শেখকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন বলে স্থানীয়দের দাবি।
এই হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে নিহতের স্ত্রী ও পুত্রবধূকে গ্রেপ্তার করে পুলিশ। প্রধান অভিযুক্ত খায়রুল শেখ এখনো পলাতক রয়েছেন।
সর্বশেষ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকার একটি বাড়ির ছাদ থেকে অটো ভ্যানচালক আজিবার শেখের (৫০) হাত বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি লোহাগড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। প্রতিদিনের মতো সোমবার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হলেও রাতে আর ফেরেননি আজিবার। লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে তার অটোভ্যানটি পাওয়া যায়। মঙ্গলবার সকালে শহরের লক্ষ্মীপাশা এলাকায় একটি বাড়ির ছাদে হাত বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হাসানুর শেখ হত্যা মামলার কোনো আসামিকে এখনো গ্রেপ্তাার করা সম্ভব হয়নি। আফসার শেখ হত্যা মামলায় তার স্ত্রী ও পুত্রবধূকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত খায়রুল পলাতক রয়েছেন।
আজিবার শেখের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়দের ভাষ্য, আজিবার অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকায় একটি জ্বালানি কাঠের দোকান মালিক সম্প্রতি ওমরাহ করতে সৌদি আরব যান। দোকানের জ্বালানি কাঠ বেচাকেনার জন্য আজিবারকে দায়িত্ব দিয়ে যান তিনি। বেচাকেনার টাকা আজিবারের কাছে ছিল। তাদের ধারণা, আজিবারের কাছে থাকা লক্ষাধিক টাকা ছিনিয়ে নিতে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, পারিবারিক কারণে হত্যাকাণ্ড নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আজিবার হত্যাকাণ্ড ছিনতাই সংক্রান্ত হতে পারে। পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা করছে।