সাতক্ষীরা প্রতিনিধি
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে দশ জেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আমির আলী ও দাতিনাখালী গ্রামের আলম সানার নেতৃত্বাধীন দুটি বাহিনীর পরিচয়ে এ ঘটনা ঘটেছে।
অপহৃত জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান ও খোরশেদ, ছোটভেটখালী গ্রামের নুরুজ্জামান, কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী ও জহুর আলী, সিংহড়তলী গ্রামের সুরাত আলী এবং কয়রা উপজেলার মোমিন মোড়ল, দিদারুল ও ইমরান।
জিম্মি জেলেদের স্বজন ও সুন্দরবন থেকে ফিরে আসা কয়েকজন জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিটি নৌকায় তিনজন করে জেলে ছিলেন।
সে সময় জলদস্যুরা প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে জোর করে তুলে নিয়ে যায়। নুরুজ্জামান, দিদারুল ও ইমরানসহ নয়জনের মুক্তির জন্য মাথাপিছু এক লাখ টাকা করে মুক্তিপণ চাওয়া হয়েছে।
তবে সুরাত আলী নৌকা নিয়ে বনের ভেতরে একা ছিলেন। তার কাছে তুলনামূলক কম টাকা চাওয়া হলেও নির্দিষ্ট অঙ্ক এখনো জানানো হয়নি।
ভুক্তভোগী জেলে পরিবারগুলো ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বনবিভাগের গোন চুক্তি এবং বনদস্যুদের মাসিক চাঁদাবাজিতে আমরা চরমভাবে অতিষ্ঠ হয়ে উঠেছি। আমরা এর দ্রুত ও স্থায়ী প্রতিকার চাই।’
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম জানান, জেলেদের মাধ্যমে তারা অপহরণের বিষয়টি জানতে পেরেছেন।
খবর পাওয়ার পর বনবিভাগের টহল দলের সদস্যরা সুন্দরবনের ভেতরে অভিযান চালাচ্ছেন। তবে বিশাল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় শুধু বনবিভাগের পক্ষে জলদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান চালানো কঠিন।
শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম বলেন, ‘জলদস্যুরা সাধারণত জেলেদের জিম্মি করার পর পরিবারগুলো গোপনে তাদের সঙ্গে সমঝোতা করে ফেলে। এ কারণে জিম্মি জেলেরা মুক্তি পেয়ে ফিরে এলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো তথ্য দিতে রাজি হয় না।
তবে মুক্তিপণের টাকা লেনদেনে ব্যবহৃত মোবাইল নম্বরগুলোর মালিক শনাক্ত করে দস্যুদের আটকের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।