কেশবপুর (যশোর) প্রতিনিধি
আদালতের নির্দেশ অমান্য করে কেশবপুরে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার কেশবপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
উপজেলার বসুন্দিয়া গ্রামের আফছার আলীর ছেলে আনোয়ার হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, বসুন্দিয়া গ্রামের কেসমত আলীর ছেলে ইকবাল হোসেন (৫৫) আরিফুল ইসলাম (৪৫) ও আবদুল জলিল সরদার (৬০), ইকবাল হোসেনের ছেলে মো. রবিউল ইসলাম এবং রিপন হোসেনসহ ১০/১২ জন যুবক রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টায় দিকে বসুন্দিয়ার বিরোধপূর্ণ জমিতে আদালতের (১৪৪/১৪৫ ধারা) নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের কাজ শুরু করে। ওই জমির মালিক আনোয়ার হোসেন সেখানে গিয়ে নির্মাণ কাজ করতে নিষেধ করেন। তারা তার কথা অমান্য করে কাজ অব্যাহত রাখে। এ ঘটনায় তিনি কেশবপুর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ করার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এএস আই রাসেলকে নির্দেশ দেওয়া হয়েছে।