কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিকলীগের প্রায় ৩০ জন নেতা-কর্মী গোপালগঞ্জে গিয়ে সরকারবিরোধী নাশকতা ও লকডাউন কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও পারিবার সূত্রে জানা গেছে।
গত ১৯ নভেম্বর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কেশবপুরের শ্রমিকলীগ নেতা আসিফ খানের নেতৃত্বে তারা গোপালগঞ্জে সহিংসতা ও বিক্ষোভে অংশ নেন। এর ছবি ও ভিডিও আসিফ খানের ফেসবুক আইডি থেকে পাওয়া গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই কেশবপুরের আওয়ামী লীগের এসব চিহ্নিত নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। বর্তমানে তারা গোপালগঞ্জে আশ্রয় নিয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মোড়ল, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একরামুস সালাম খান, তার ভাগনে শ্রমিকলীগ নেতা আসিফ খান, কামাল খানের নেতৃত্বে প্রায় ৩০ সদস্যের একটি দল গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে গিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, তারা বর্তমানে পলাতক রয়েছেন।
এর আগে সরকারবিরোধী কর্মসূচির অংশ হিসেবে গত ১৪ নভেম্বর বিকেলে মফিজুর রহমান মফিজের নেতৃত্বে কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজারে লিফলেট বিতরণ করা হয়। এ ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ, একরামুস সালাম খান, কামাল খানসহ ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে কেশবপুর থানায় একটি মামলা (নম্বর-১১, তারিখ: ১৮/১১/২০২৬) দায়ের করা হয়েছে। আসামিরা বর্তমানে গোপালগঞ্জে অবস্থান করায় পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে, গোপালগঞ্জে সহিংসতায় অংশ নেওয়া শ্রমিকলীগ নেতা আসিফ খান ২০২৪ সালে যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে অংশ নেন।
স্থানীয়দের দাবি, শ্রমিকলীগ নেতা আসিফ ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একরামুস সালাম খানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে গোপালগঞ্জে নাশকতায় অংশ নেওয়া কেশবপুরের সবার পরিচয় বেরিয়ে আসবে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গত ১৪ নভেম্বর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মঙ্গলকোট বাজারে লিফলেট বিতরণ করেন।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ ছাড়া ১৯ নভেম্বর শ্রমিকলীগ নেতা আসিফের নেতৃত্বে গোপালগঞ্জে লকডাউনে কারা কারা অংশ নিয়েছেন, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।