স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের ঝিকরগাছা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মোস্তফা আনোয়ার পাশা জামাল ও তার ছেলে মাহবুব সোবহান নাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন জাহিদ ফয়সাল নামে এক ব্যক্তি। বাদী জাহিদ ফয়সালের মামা আসামি মোস্তফা আনোয়ার পাশা জামাল।
গত রোববার (২২ নভেম্বর) আদালতে এ মামলা করা হয়েছে।
এজাহারে যশোর শহরের আরএন রোডের বিকে টাওয়ারের জাহিদ ফয়সালের ফ্ল্যাটে বিবাদীরা ঢুকে মারধর, প্রাণনাশের হুমকি এবং জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি তদন্ত করে কোতোয়ালি মডেল থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রেবেকা খাতুন।
আসামিরা হলেন, শহরের আরএন রোডের বিকে টাওয়ারের বাসিন্দা আব্দুল বাসেতের ছেলে বাদীর ভাই খালেদ ফয়সাল ও তার (খালেদ ফয়সালের) স্ত্রী আফরিনা রাজনীন শম্পা, বাদির খালু শার্শার বাগআঁচড়ার মৃত আবু সিদ্দিক মণ্ডলের ছেলে সাইফুদ্দিন, বাদীর মামা ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের মোস্তফা আনোয়ার পাশা ও তার ছেলে মাহবুব সোবহান নাহিদ।
মামলার অভিযোগে জানা গেছে, শহরের আরএন রোডে আব্দুল বাসেতের একটি বাড়ি ছিল। এ বাড়ি ২০১৯ সালের ২০ আগস্ট আব্দুল বাসেত তার ছেলে খালেদ ফয়সাল ও জাহিদ ফয়সালের নামে হেবা ঘোষণা দলিল করে দেন। পরবর্তীতে ২০২৩ সালের ৮ এপ্রিল পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাড়ির সম্পত্তি ভাগ-বণ্টন করা হয়। এ নিয়ে লিখিত বণ্টননামায় সংশ্লিষ্টরা স্বাক্ষরও করেন। এরপর থেকে তারা নিজ নিজ অংশ ভোগদখল ও ভাড়া উত্তোলন করে আসছিলেন।
গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে জাহিদ ফয়সালের ফ্ল্যাটের চতুর্থতলায় প্রবেশ করেন। এ সময় আসামিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে খালেদ ফয়সাল তাকে মারধর করেন। জাহিদ ফয়সালের স্ত্রী বাধা দিতে গেলে তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে আসামিরা জোরপূর্বক জাহিদ ফয়সালকে দিয়ে কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর নেন। ওই স্ট্যাম্প ব্যবহার করে আসামিরা কোনো মূল্যবান দলিল তৈরি করে তার সম্পত্তির অপূরণীয় ক্ষতি করতে পারেন। বিষয়টি নিয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।
জাহিদ ফয়সাল বলেছেন, তার স্ত্রী ক্যান্সারের রোগী। তার চিকিৎসার জন্য বহু টাকার প্রয়োজন হয়। তার ভাই-ভাবি, খালু, মামারা কোনো সাহায্য সহযোগিতা করেননি। উল্টো তার ফ্ল্যাট দখলে নিতে চান। তার মামা মোস্তফা আনোয়ার পাশা অনেকবার সন্ত্রাসী দিয়ে তাকে হুমকি দিয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা আছে। তিনি পলাতক থেকে তাকে হুমকি দেন। এমন অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।