খুলনা অফিস
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুলনার ফুলতলায় সাব্বির নামের এক তরুণ বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন। তিনি পেশায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
বন্ধুর সাথে তর্কের জের ধরে সংঘটিত এই ঘটনায় আরো দুইজন গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফুলতলা উপজেলার দামোদর স্কুলের কাছে এই ঘটনাটি ঘটে।
সাব্বির দামোদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা হোসেনের ছেলে। তিনি একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
এই হামলার ঘটনায় আহত অন্য দুই যুবক হলেন স্বাধীন (১৮) ও নীরব (১৮)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
হতাহতদের স্বজনরা জানান, হামলাকারী তাদের পূর্ব পরিচিত ও বন্ধু। গত দুইদিন আগে একটি তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল।
সেই ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে সাব্বিরকে একা পেয়ে প্রতিপক্ষরা তার পেটে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সময়ে স্বাধীন ও নীরবের পেটেও ছুরিকাঘাত করা হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহতের বাবা মোস্তফা হোসেন জানান, সাব্বির সারাদিন ডিস লাইনের কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরেছিল। খাওয়া-দাওয়া শেষ করে সে পাশের একটি দোকানে যাওয়ার পরেই তিনি হামলার শিকার হন।
তার এক বন্ধুর কাছ থেকে খবর পেয়ে তিনি প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা হাসপাতালে গিয়ে ছেলের মৃত্যুর খবর পান।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, প্রাথমিকভাবে জানা গেছে, কয়েক দিন আগে বন্ধুদের মধ্যে একটি বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল। তার জেরে এই হামলা ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং দোষীদের আইনের আওতায় আনতে কাজ করছে।