পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। এ ঘটনায় চুরি হওয়া মালামালের একটি বড় অংশ উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তার অফিসকক্ষের জানালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। এ সময় কক্ষ থেকে একটি ৫৬ ইঞ্চি সিসি ক্যামেরা মনিটর, একটি ডিভিআর, একটি রাউটার ও এর আনুষঙ্গিক যন্ত্রাংশ এবং আলমারিতে সংরক্ষিত গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে হাসপাতালের অফিস সহকারী সরোয়ার হোসেন বাদী হয়ে থানায় চুরি মামলা (মামলা নং-১০) রুজু করেন।
অভিযোগের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশ তদন্তে নেমে গোপন সংবাদের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মান্নান গোলদারের ছেলে ফয়সাল, ৬ নম্বর ওয়ার্ডের সিদ্দিক মিস্ত্রির ছেলে রমজান শেখ এবং ৭ নম্বর ওয়ার্ডের জামাল গাজীর ছেলে বাবু ওরফে এলিয়েন বাবু।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি হওয়া রাউটারসহ অন্যান্য মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। হসপিটাল কতৃপক্ষ উক্ত মালামাল তাদের বলে নিশ্চিত করেছেন।
এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া বলেন, ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।