স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের শার্শায় ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার বড়আঁচড়া গ্রামের হরিণাপোতা পাড়ায় ধানক্ষেতের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়আঁচড়া গ্রামের হরিণাপোতাপাড়ার বাসিন্দা আলতাফ মন্ডলের ধানক্ষেতের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী বেনাপোল থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
যশোর বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।