কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কালিয়া পৌরসভার কুলশুর গ্রামে পরিচালিত এই অভিযানে কারখানার মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত শামীম মোল্যা কুলশুর গ্রামের মানিক মোল্লার ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস।
গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলা প্রশাসন, বিএসটিআই (BSTI), উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং পুলিশের একটি সমন্বিত দল কুলশুর গ্রামে ওই কারখানায় অভিযান চালায়।
অভিযানে দেখা যায়, কোনো প্রকার লাইসেন্স বা অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের জন্য ক্ষতিকর নকল জুস ও পানীয় তৈরি করা হচ্ছিল।
কারখানার মালিক উৎপাদনের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, এমনকি তিনি লাইসেন্সের জন্য কোনো আবেদনও করেননি।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪১ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মালিক শামীম মোল্লাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এছাড়া কারখানা থেকে জব্দকৃত বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য এবং উৎপাদনের সরঞ্জাম ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস জানান, জনস্বার্থ রক্ষায় এবং এ ধরনের ভেজাল ও অনুমোদনহীন খাদ্যের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।