মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে বুধবার ভোর ৫টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির মাইক্রোবাস ঘুমন্ত মানুষের বসতবাড়িতে ঢুকে পড়েছে।
এতে ঘরের দেয়াল ভেঙে চাপা পড়ে বাড়ির মালিক আরশাদ আলী আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশে অবস্থিত আরশাদ আলীর বাড়িতে দুর্ঘটনার সময় সবাই ঘুমিয়ে ছিলেন।
মাইক্রোবাসটি বাড়ির ইটের দেয়ালে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার ওপর উল্টে গেলে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
এ সময় গাড়ির ভেতরে দেড় কেজি গাঁজা দেখতে পেয়ে চালক অনিক হোসেন বিপ্লবকে আটকে রাখেন স্থানীয় জনতা।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে মাদক ও মাইক্রোবাসসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত আরশাদ আলীকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে পালানোর সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটায়।
ধৃত বিপ্লবের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।