স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসাধীন রোগীর বেড থেকে মোবাইল চুরির সময় আব্দুল্লাহ (৩০) নামে এক যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের তৃতীয় তলায় এই চুরির ঘটনা ঘটে। আটক আব্দুল্লাহ ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের রমজানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর নওয়াপাড়ার বাসিন্দা মো. হাসানের অসুস্থ ভাতিজার বেডের পাশ থেকে মোবাইলটি সরাবার সময় হাতেনাতে ধরা পড়েন ওই যুবক।
পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে হাসপাতাল পুলিশে সোপর্দ করেছে। কোতয়ালী থানার এসআই মো. জুয়েল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক যুবককে হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় পাঠানো হয়েছে।
এদিকে রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের ভিড়ের সুযোগ নিয়ে একটি চক্র প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। তারা এই চোর চক্র দমনে হাসপাতাল এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন।