অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ভবনের রুম ভাড়া নিয়ে বিরোধের জেরে আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে নওয়াপাড়া বোয়ালমারি গ্রামে নিজ বাড়িতে এলোপাতাড়ি কুপিয়ে আনিসুর রহমানকে জখম করে দুর্বৃত্তরা।
পরে তাকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
নিহত আনিসুর রহমান নওয়াপাড়ার জয়েন ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী। তিনি নওয়াপাড়া বোয়ালমারি পোল এলাকার মৃত মজিদ সরদারের ছেলে।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, নওয়াপাড়া পীরবাড়ির সামনে আনিসুর রহমানের ছয়তলা একটি ভবন রয়েছে। ওই ভবনের রুম ভাড়া দেওয়া নিয়ে শাহ মাহমুদ হাসান (৩৮) নামে এক ব্যক্তির সাথে তার বিরোধ সৃষ্টি হয়।
এর জেরে গত বুধবার (৬ মে) রাতে ভবনের সামনে কথাকাটাকাটির একপর্যায়ে শাহ মাহমুদ হাসানসহ অজ্ঞাতনামা ২/৩ জন আনিসুর রহমানকে এলোপাতাড়ি কোপায় ও মারপিট করে জখম করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকেরা। তবে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টা ৫০ মিনিটে পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে পুলিশি তৎপরতা চলছে।
চেম্বারের নিন্দা
এদিকে, বিশিষ্ট ব্যবসায়ী ও নওয়াপাড়ার জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক আনিসুর রহমান হত্যার নিন্দা ও এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে যশোর চেম্বার অব কমার্স। ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটির সভাপতি মিজানুর মিজানুর রহমান খান ও সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান এক বিবৃতিতে হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও নওয়াপাড়ার ব্যবসায়ীদের নিরাপত্তাবিধানের দাবি জানিয়েছেন।