স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় এক মাদরাসাছাত্রকে প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে বলাৎকারের অভিযোগে সেলিম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মণিহার সিনেমা হলের বিপরীতে খুলনা বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র শোয়াইব আহম্মেদের সঙ্গে গত ৫ মে প্রথমে পরিচয় ও কথাবার্তা বলেন অভিযুক্ত সেলিম হোসেন। পরে বিকেলে আবার মাদরাসার সামনে এসে কৌশলে তাকে পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে শিশুটিকে বলাৎকারের অভিযোগ করা হচ্ছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর ভয়ভীতির কারণে ভুক্তভোগী বিষয়টি কাউকে জানায়নি। পরে গত ৮ মে রাতে অভিযুক্ত ব্যক্তি আবারও ওই ছাত্রের সঙ্গে একই কাজ করার চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ছাত্রের কাছ থেকে ঘটনা শুনে অভিযুক্তকে আটক করে কোতোয়ালী মডেল থানায় নিয়ে যায়।
পরে মাদরাসা পরিচালনা কমিটি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় লিখিত এজাহার দেওয়া হয়।
কোতোয়ালী থানার ওসি মাসুম খান জানান, বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আটক রাখা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।