মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে ধর্ষণচেষ্টার অভিযোগে রুজু করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার খালিশপুর বাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে একইদিন বেলা ১১টার দিকে মহেশপুর থানায় এসে ধর্ষণচেষ্টার মামলাটি করেন এক গৃহবধূ। তিনি নাটিমা ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য।
অভিযুক্ত সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলা এসবিকে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এখন তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
মামলার বিবরণে ওই নারী উল্লেখ করেছেন, গত ৫ মে উপজেলার খালিশপুর বাজারের গোহাটার পাশের একটি বাড়িতে উপস্থিত হয়ে সাজ্জাদ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এই ঘটনার সময় স্থানীয়রা টের পেলেও লোকলজ্জায় তিনি সেসময় পুলিশের দ্বারস্থ হননি।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, আওয়ামী লীগ নেতা সাজ্জাদের বিরুদ্ধে এক নারী ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।