অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযানে ওই ব্যক্তিদের মাদকসহ আটক করা হয়।
আটকের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের হাফিজুর গাজীর ছেলে হাসিব গাজী ওরফে মানিক (১৮), একই গ্রামের মৃত সিরাজ খাঁর ছেলে জাহাঙ্গীর খাঁ (৪৫), নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে আব্দুর রহমান (২১), একই গ্রামের সৈয়দ মুরাদ হোসেন আখির ছেলে সৈয়দ সোয়াইব হোসেন নীরব (২২) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পশ্চিম ভাষানটেক এলাকার হাবি মিয়ার ছেলে মজিবুর রহমান (২২)।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজকাটি গ্রামের নুরে মাদিনা ইসলামিয়া মাদরাসা এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ইয়াবাসহ আটক হাসিব গাজী ওরফে মানিক নামে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে রাত ৯টার দিকে গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া রেলবস্তির জাহাঙ্গীর খাকে গাঁজা সেবনের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই দিন বিকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রাম থেকে ছয় পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক আব্দুর রহমান, সৈয়দ সোয়াইব হোসেন নিরব ও মজিবুর রহমান নামে তিন যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, চারজন ইয়াবা ট্যাবলেট সেবনকারী ও একজন গাঁজা সেবনকারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।