স্টাফ রিপোর্টার
, যশোর
বেসরকারি প্রতিষ্ঠান স্টেপ ওয়ান গ্রুপের সুপারভাইজারের কাছ থেকে টেলিকমিউনিকেশনের যন্ত্রপাতি ছিনিয়ে নেওয়ার অভিযোগে আদালতে নালিশি মামলা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ মামলা না নেওয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে সাত কর্মদিবসের মধ্যে এজাহার হিসাবে রেকর্ড করার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
নওগার মহাদেবপুর উপজেলার কালুশহর গ্রামের আতোয়ারের ছেলে ওমর ফারুক অভিযোগে উল্লেখ করেছেন, তিনি স্টেপ ওয়ান গ্রুপের যশোরের পালবাড়ির মোড় অফিসের সুপারভাইজার হিসাবে কর্মরত। গত ২ মে তিনি কোম্পানির চার লাখ টাকার টেলিকমিউনিকেশন মালামাল নিয়ে বাসযোগে ঢাকা থেকে যশোরে নামেন। রাত সাড়ে আটটার দিকে মনিহার এলাকা থেকে ইজিবাইকে চড়ে মালামালসহ পালবাড়ি যাচ্ছিলেন। পথে বারান্দীপাড়া ঢাকারোড তালতলায় বিসিএমসি কলেজের সামনে পৌছালে ইজিবাইকে আগে থেকে বসা এক যুবক তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সাথে সাথে চালক মালামালসহ ইজিবাইক নিয়ে দ্রুত চলে যায়। সেসময় তিনি চিৎকার দেন। আশেপাশের লোকজন এগিয়ে এসে ঘটনা শোনেন। তিনি বিষয়টি তার অফিসে জানান। পরে ওই এলাকার বিল্ডিং এর সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। কিন্তু কাউকে চিনতে পারেননি।
এই বিষয়টি তিনি কোতোয়ালি থানায় গিয়ে অভিযোগ দেন। কিন্তু থানা পুলিশ মামলা না নেওয়ায় তিনি আদালতে অভিযোগ দেন।