লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় রহিম সিকদার নামে একজন ট্রাকচালককে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্তরা। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের ধোপাদহ স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাকচালক রহিম শিকদার (৩৬) উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের আবু সাঈদ শিকদারের ছেলে। তিনি পরিবার-পরিজন নিয়ে লোহাগড়া শহরের পোদ্দারপাড়ায় বসবাস করতেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রহিম শিকদারের ছেলে সোয়াইব শিকদারকে (১৩) ধোপাদহ এলাকার শাহজাহান শেখের ছেলে কিশোর গ্যাং প্রধান আজিম শেখ কয়েকটি চড়-থাপ্পড় মারে।
রাত সাড়ে ৮টার দিকে রহিম শিকদার ও তার ছেলে সোয়াইবসহ ৪/৫ জন ধোপাদহ স্লুইসগেট এলাকায় যান। এ সময় আজিম শেখের সাথে রহিম শিকদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আজিম শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রামদা, লোহার রড, ছ্যানদা দিয়ে রহিম শিকদারের মাথা, দুই হাত, পেটসহ শরীরের অন্যান্য স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।
এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।