যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষাসফরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত ওই প্রভাষককে বিভাগের সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা এবং ভবিষ্যতে কোনো শিক্ষা সফরের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত ‘কমপ্লেইন্ট কমিটি’কে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে। এর আগে সত্যতা যাচাইয়ে গঠিত পাঁচ সদস্যের ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ তাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছে।
যৌন নিপীড়ন প্রতিরোধবিষয়ক কমপ্লেইন্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, ‘আমরা বুধবার রাতে মেইল পেয়েছি। যেহেতু আগামী দুই দিন সাপ্তাহিক ছুটি, তাই শনিবার কমিটির সদস্যদের সাথে সভা করে নথিপত্র পর্যালোচনাসাপেক্ষে আমরা দ্রুত তদন্ত কাজ শুরু করবো।’
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ জানান, বিভাগের গৃহীত সিদ্ধান্ত ও বক্তব্য লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে সরিয়ে রাখা হয়েছে। উল্লেখ্য, শিক্ষাসফর চলাকালে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।