মাগুরা প্রতিনিধি
মাগুরায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রকল্পের আওতায় এদিন মোট ৬১টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন এবং নগদ তিন হাজার টাকা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সবসময় পাশে আছে। প্রথম পর্যায়ে আজ ৬১টি পরিবারকে এই সহায়তা দেওয়া হলো।
আগামী জুলাই মাসে নতুন অর্থবছরের শুরুতে আবেদনকারী বাকি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও পর্যায়ক্রমে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সরকারি এই সহায়তা পেয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।