স্টাফ রিপোর্টার
, যশোর
পূর্ব বিরোধের জেরে যশোরের বেনাপোল শহরের বড়আঁচড়া এলাকায় সোহাগ (৩৬) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি ছুড়েছে প্রতিপক্ষ।
শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান।
সোহাগ বড়আঁচড়া এলাকার হায়দার আলীর ছেলে। বর্তমানে তিনি একই এলাকার মশিয়ারের বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে সোহাগকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে জানালা ও দরজা ভেদ করে বাইরে চলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোহাগ জানান, আগের একটি আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।