স্টাফ রিপোর্টার
, যশোর
দেশের সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সাথে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল মিটিংয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সবকিছু রাতারাতি পরিবর্তন করা সম্ভব না। কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ত্রুটি রয়েছে; তা আন্তরিকতা এবং দক্ষতা দিয়ে নিরসন করা সম্ভব।
তিনি বলেন, ‘এটি একটি নির্বাচিত সরকার। প্রতি পদে পদে আমাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আপনারাও এর বাইরে নন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সময় পাল্টে গেছে। গণঅভ্যুত্থানের পর মানুষ সবকিছুর পরিবর্তন চাইছে। আমরাও সেটিকে প্রাধান্য দিয়ে কাজ করছি। সুতরাং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা অনুভব করে সময়ের সাথে আপনাদেরকে চলতে হবে।’
তিনি রুফটপ সোলার সিস্টেমের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, সোলার সিস্টেমের মাধ্যমে দেশের পঞ্চাশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। সকল জেলা প্রশাসকের কার্যালয় এবং হাসপাতালের রুফটপে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব। প্রথম পর্যায়ে প্রতিটি জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের রুফটপে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
‘জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম পর্যালোচনা’ শীর্ষক এই সভা শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেন।
প্রতিমন্ত্রী সহকারী একান্ত সচিব সুজায়েত শামীম সুমন এই তথ্য দিয়েছেন।