ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুক মালা আবাসন প্রকল্পে এক শিশুকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি মাগুরা মোহাম্মদপুরের দেউলি গ্রামের বরকত উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, পেশায় রিকশাচালক বিল্লাল হোসেন সাত দিন আগে থেকে ঝিনাইদহ ঝিনুক মালা আবাসন প্রকল্পের একটি ঘরে একাকি বসবাস শুরু করেন। দুপুরের দিকে ওই আবাসন প্রকল্পেরই সাত বছরের এক শিশুকে কিছু টাকা দিয়ে ঘরের ভেতর ডেকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে মারধর। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: উমা ইসলাম বলেন, রোগীকে আমরা প্রায় অচেতন অবস্থায় পেয়েছিলাম। তার চিকিৎসা চলছিল। এমন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। ময়না তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঝিনাইদহ সদর থানার ওসি তদন্ত গোকুল চন্দ্র অধিকারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলা তদন্ত অবস্থায় সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্ত বিল্লাল হোসেন মারা যান। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।