স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে সদরের বাগডাঙ্গা গ্রামের এক গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, আপত্তিকর ছবি ধারণ ও চাঁদাবাজির অভিযোগে দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ওই নারী বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দিতে কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।
আসামিরা হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের রহমত মোল্লার ছেলে রাকিব হাসান রাকিব ও একই গ্রামের রাব্বি।
অভিযোগে বলা হয়েছে, প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসামি রাকিবের সাথে পরিচয় হয় ওই গৃহবধূর । একপর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। পরে রাকিব ও রাব্বি ওই গৃহবধূর বাড়িতে যাতায়াত শুরু করে। সম্পর্কের সুযোগ নিয়ে গত ৪ আগস্ট রাতে তার বাড়িতে বেড়াতে যায় এবং বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। এ সময় গোপনে কিছু আপত্তিকর ছবিও ধারণ করে মোবাইলে।
পরদিন আসামিরা ওই গৃহবধূকে চুয়াডাঙ্গার জীবননগর এলাকায় বেড়াতে নিয়ে যায় এবং ধারণকৃত ছবিগুলো দেখিয়ে ভয়ভীতি দেখায়। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। ওই টাকা দিতে ব্যর্থ হলে আসামিরা তার কাছ থেকে ৯০ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ও একটি কানের দুল নিয়ে যায়। পরবর্তীতে ভয়ভীতির মুখে বাদী কয়েক দফায় তাদের মোট তিন লাখ ৫০ হাজার টাকা দেন। এরপরও আসামিরা আরও দেড় লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।