বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
মিছিল করার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করেছে যশোরের বাঘারপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকায় ছাত্রলীগের বাঘারপাড়া উপজেলা সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা এতে অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী পুলিশ আগে থেকেই প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেয়।
তিনি আরও বলেন, ‘বিকেল ৪ টার দিকে আনুমানিক ৬ থেকে ৭টি মাইক্রোবাসে করে কয়েকজন রোস্তমপুর এলাকায় এসে মিছিল শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। এ সময় তারা শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফরাজীর নামে বিভিন্ন স্লোগান দেয়।’
এ সময় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ছয়জনকে আটক করে। আটককৃতরা হলেন বরিশালের জিহাদ হাওলাদার (১৯), যশোর সদরের ইয়াসিন আরাফাত নীরব (১৬), বাঘারপাড়ার ভিটাবল্যার প্রিন্স (১৮), শাহরিয়ার আহম্মেদ স্বাধীন (১৭), তনয় (১৫) এবং বাঘারপাড়ার তামিম ইকবাল (১৫)।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল আলম সাংবাদিকদের বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে ছয়জনকে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তে অভিযান চলছে।