স্টাফ রিপোর্টার
, যশোর
নানা আয়োজনে যশোরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
কবিতা আবৃত্তি, গান আর নৃত্য পরিবেশনের মাধ্যমে পালিত হয় জন্মজয়ন্তী।
মাইকেল সঙ্গীত অ্যাকাডেমি ও কিংশুক সঙ্গীত শিক্ষাকেন্দ্রের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত হয়।
শুক্রবার বিকেলে মাইকেল সঙ্গীত অ্যাকাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ অখিল কুমার বিশ্বাস।
‘আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে’ ও ‘শুকনো পাতার নূপুর পায়ে’ রবীন্দ্র ও নজরুলের দুটি জনপ্রিয় গান সমবেতভাবে শিশুরা পরিবেশন করে।
এরপর হিয়া চৌধুরী, জয়া বিজয়া, রাজদ্বীপ, অনিমিখা প্রজ্ঞা, তন্ময় দাশ, লিলি বিশ্বাস, উমা চক্রবর্তী, দিলীপ বর্মন, মানিক হোসেনসহ ২৫ জন শিল্পী রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীত পরিবেশন করেন।
সঙ্গীতের মাঝে কবিতা আবৃত্তি করা হয়।
এছাড়া, মাইকেল সঙ্গীত অ্যাকাডেমির শিশু শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা নওরোজ আলী।
মনোমুগ্ধকর তিনঘণ্টার অনুষ্ঠানে অ্যাকাডেমির ভেতর ও বাইরে শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
অপরদিকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে কিংশুক সংগীত শিক্ষাকেন্দ্র আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংগঠনের ‘সাঁজবাতি’ মঞ্চে অনুষ্ঠানে ছিল সংগীত, নৃত্য ও আবৃত্তি।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
উপস্থিত ছিলেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফিরোজা মোস্তফা, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ পলাশ, কবি ও গবেষক কাজী শওকত সাহী, প্রভাষক অরুণ মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে সমবেতকণ্ঠে শিল্পীরা পরিবেশন করে রবীন্দ্র সংগীত ‘হে নতুন দেখা দিক আরবার...’ ও নজরুল সংগীত ‘তৃষিত আকাশ কাঁপেরে..।’
খুদে শিল্পীদের কণ্ঠে ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে...’ শ্রোতাদের ভালো লেগেছে।
রবীন্দ্রসংগীত ও নজরুল সঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা। এছাড়া, একক সংগীত পরিবেশন করে সুদীপ্ত বিশ্বাস, নাফিসা, দেবযানী রায়, রাইয়ান হক, দুর্গা রায়, প্রাপ্তি, অনুষ্কা পোদ্দার, সপ্তর্ষি অধিকারী, সিয়াম আজম, আয়মান সাদাত, রীতি মল্লিক, সুপ্রিতা মল্লিক প্রমুখ।