ঝিনাইদহ প্রতিনিধি
জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ঝিনাইদহে তিন মাদক কারবারি আটকের দাবি করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে তিনশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি।
ঝিনাইদহ ডিবির ওসি শরিফুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে আব্দুল মালেক (৪৫), একই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে আইয়ুব হোসেন (৪৫) এবং মাগুরাপাড়া এলাকার আব্দুর রহমান কামালের ছেলে তানভীর আহমেদ ওরফে রুপম (৩৪)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন এলাকায় মাদক কারবারের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিরা চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আমরা তাদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। এসময় তাদের কাছ থেকে তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।’
আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।