খুলনা অফিস
নগরীর নিরালা প্রান্তিকা এলাকা থেকে উদ্ধার হওয়া নিহত বস্তাবন্দী কিশোরীর পরিচয় মিলেছে। সে খুলনা ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬)।
নির্জনা সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে। খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সংবাদ পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মেয়েকে শনাক্ত করেন তার মা আরিফা ইয়াসমিন সীমা।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার তিন নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে বস্তাবন্দী অবস্থায় তরুণীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, প্রেমঘটিত বিষয় নিয়ে নিহত নির্জনার সঙ্গে তার বাবা-মায়ের বিরোধ চলছিল। সেই কারণে অনেকেই এই ঘটনায় পরিবারের সদস্যরা জড়িত বলে সন্দেহ করছেন।