অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে (১৬) ধর্ষণ করার অভিযোগে দায়ের করা মামলায় ৬ জনকে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারী স্থানীয় এক জুটমিলের শ্রমিক।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মোশারফ গাজীর ছেলে আরজান গাজী (৩০), একই গ্রামের আব্দুর রহিম মোড়লের ছেলে হাসান মোড়ল (৩৮), মৃত বাকি সরদারের ছেলে সাজ্জাদ সরদার (৩৮), নূর মোহাম্মদ ওরফে আপন খানের ছেলে সাজিদ হোসেন (২৪), মৃত আমজেদ গাজীর ছেলে মামুন গাজী ওরফে ভুট্টো গাজী (৪১) ও মৃত সাত্তার মোল্যার ছেলে শফিক মোল্যা (৪৪)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে মনিরুল ইসলামের দোকানের পাশে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৭ জুলাই) রাতে প্রেমিক ইজিবাইকচালক লিমন হাওলাদার বাদী হয়ে ৬ জনের নামসহ অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদা দাবির মামলা দায়ের করেন।
মামলার এজাহারে লেখা হয়েছে, বৃহস্পতিবার রাতে লিমন হাওলাদার তার প্রেমিকাকে নিয়ে ইজিবাইক চালিয়ে শংকরপাশা গ্রামে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে এজাহার নামীয় ৬ জনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন ইজিবাইক থামিয়ে লিমনকে মারপিট করে তার প্রেমিকা ও ইজিবাইক ছিনিয়ে নেয় এবং তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে রাত ২টার দিকে শংকরপাশা গ্রামের মনিরুল ইসলামের দোকানের পাশে নিয়ে অভিযুক্ত আরমান গাজী এজাহার নামীয় আসামীসহ অজ্ঞাতনামাদের সহযোগিতায় তার প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
মামলার বাদী লিমন হাওলাদার বলেন, ন্যায়বিচার পাওয়ার আশায় ৬ জনের নামসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদ দাবির মামলা করেছি।
এ ব্যাপারে শনিবার সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, 'ধর্ষণসহ চাঁদা দাবির মামলায় এজাহারনামীয় ৬ জনকে আটক করা হয়েছে। অজ্ঞাতনামাদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।'