অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ‘মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়’ নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক ও শ্রমিকনেতা আতাউর রহমান আতা (৪৬) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার পাশাপাশি তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়।
শনিবার (১৮ জুলাই) বিকেলে নওয়াপাড়া স্টেশনবাজার এলাকায় তার ব্যবসাপ্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
আহত আতা নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নেরও যুগ্ম সম্পাদক। তিনি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বুইকারা এলাকার নেছার উদ্দীন খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থানকালে চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি রুহুল আমিনের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আতাউর রহমান আতার ওপর হামলা চালায়।
হামলাকারীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার পর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় নওয়াপাড়া বাজারে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
এছাড়া হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রোববার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নৌবন্দরের সব ঘাটে লোড-আনলোড কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আতাউর রহমান আতার ওপর হামলা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ রানা বলেন, সংগঠনের যুগ্ম সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে নৌবন্দরের লোড-আনলোড কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, যুবদল নেতার ওপর হামলা এবং তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।