খুলনা অফিস
খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার প্রধান অভিযুক্ত তার বাবা আলীম হোসেন আকাশকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে ডুমুরিয়া উপজেলা সদরের আব্দুল কুদ্দুসের চায়ের দোকান থেকে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই রাতে নির্জনাকে হত্যার পর তার লাশ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (নারী) লাভলী আক্তার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরে নিহতের মা সীমা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দী দেন।
ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত আকাশ পলাতক ছিলেন।